স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে ম্যানেজিং কমিটির সভাপতির পদে নিয়োগ দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত ঢাকার বিভিন্ন কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বক্তব্যে তিনি শিক্ষকতার পেশাগত সম্পর্ক ও সম্মানের ধারাবাহিকতার বিষয়টি তুলে ধরে বলেন, একজন শিক্ষক যখন সাধারণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, তখন তার প্রধান শিক্ষককে ‘স্যার’ বলে সম্মান করেন। পরে যখন তিনি সহকারী প্রধান শিক্ষক হন, তখনও একই সম্মান বজায় থাকে। এমনকি নিজে প্রধান শিক্ষক হওয়ার পরও সেই সাবেক প্রধান শিক্ষক অবসর নিলেও তার প্রতি সম্মান কমে না—এই সম্পর্ক ও অভিজ্ঞতাই শিক্ষা ব্যবস্থার বড় সম্পদ।
মন্ত্রী আরও বলেন, যদি একটি পৃথক কমিশন গঠন করে দেশের অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তালিকা তৈরি করা যায়, এবং সেই কমিশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব তাদের মধ্যে থেকে বাছাই করে দেওয়া যায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা আরও দক্ষ, স্বচ্ছ এবং অভিজ্ঞতানির্ভর হবে। এতে করে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
Leave a Reply