যশোর জেলার শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে চাকরিতে যোগদানের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত শেষে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালনা কমিটির সভাপতিসহ মোট চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সম্প্রতি এ চার্জশিট জমা দেন সিআইডি যশোরের উপপরিদর্শক বখতিয়ার রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী রুহিন বালুজ।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (কৃষি) সালেহা খাতুন, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ইদ্রিস আলী এবং প্রতিষ্ঠানটির সাবেক পরিচালনা কমিটির সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু।
তদন্ত সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল কাইয়ুমসহ মোট সাতজন শিক্ষক জাল সনদের মাধ্যমে চাকরি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৩০ অক্টোবর শার্শা আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়। এরও আগে, ২০১৫ সালের ১৩ জুলাই অভিযুক্তদের উদ্দেশ্যে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশ পাঠানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে বিবাদীরা কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি হাসান আহমেদ টিংকুর বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাদীর বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।
সে সময় মামলার বাদী শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি তখন আইনি পদক্ষেপ নিতে পারেননি। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে তিনি আদালতের দ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করে।
দীর্ঘ তদন্ত শেষে সিআইডি যশোরের উপপরিদর্শক বখতিয়ার হোসেন আদালতে তার প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের ২০১০ সালের শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া। একইভাবে সহকারী শিক্ষক (কৃষি) সালেহা খাতুনের ২০০৯ সালের শিক্ষক নিবন্ধন সনদ এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ইদ্রিস আলীর ২০১২ সালের শিক্ষক নিবন্ধন সনদও জাল ও অবৈধ হিসেবে প্রমাণিত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত এই শিক্ষকেরা জাল সনদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন, যা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply