এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটের কার্যক্রম গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে। তবে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মোট ১ হাজার ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ হাজার ৯৩৪ জন শিক্ষক-কর্মচারীর বিল এখনো সাবমিট করা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত বিল সাবমিট সম্পন্ন করার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৭ মার্চ এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল অনলাইনে সাবমিট করার অপশন চালু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই সব শিক্ষক-কর্মচারীকে বিল সাবমিট সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
বিল সাবমিটের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, বৈশাখী ভাতার বিল সাবমিটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি জারি হয়নি। তবে অনলাইন অপশন চালু করা হয়েছে এবং লক্ষ্য হচ্ছে ২ এপ্রিলের মধ্যে বিল সাবমিট কার্যক্রম শেষ করা।
এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের জন্যও অনলাইন অপশন চালু করা হয়েছিল। সে ক্ষেত্রে ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট শেষ করার সময়সীমা নির্ধারণ করা ছিল।
্
Leave a Reply