শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত পেন্ডিং বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠান এখনো ব্রডশিট জবাব পাঠায়নি অথবা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিষয়গুলো নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে, সেসব ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে—আগামী ১৫ এপ্রিলের মধ্যেই সব পেন্ডিং প্রতিবেদনের ব্রডশিট জবাব পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের কাছে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আপত্তিগুলোকে সঠিক হিসেবে গণ্য করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সুপারিনটেনডেন্টদের উদ্দেশে এ চিঠি পাঠানো হয়, যেখানে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এখন থেকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে পাঠানো যেকোনো পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের আপত্তিসমূহের ব্রডশিট জবাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতিবেদন প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সরাসরি অধিদপ্তরের পরিচালকের কাছে পাঠাতে হবে। একইসঙ্গে ওই ব্রডশিট জবাবের সফট কপি (MS Word ফাইল) নির্ধারিত ই-মেইল ঠিকানায় (bsr@dia.gov.bd) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর উপযুক্ত ও গ্রহণযোগ্য জবাব পাওয়ার ভিত্তিতে আপত্তিসমূহ নিষ্পত্তি করবে। তবে যেসব আপত্তির সন্তোষজনক জবাব পাওয়া যাবে না অথবা অধিদপ্তরের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কিংবা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রেরণ করা হবে।
এছাড়া ইতোমধ্যে যেসব পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে কিন্তু এখনো ব্রডশিট জবাব দেওয়া হয়নি, কিংবা ব্রডশিট জবাব দেওয়া হলেও তা শিক্ষা মন্ত্রণালয়ে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, অথবা জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর কিংবা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পেন্ডিং অবস্থায় আছে—এসব ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে। এসব প্রতিবেদনের ব্রডশিট জবাব নির্ধারিত ছকে প্রস্তুত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালকের নিকট পাঠাতে হবে এবং সফট কপি ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
চিঠিতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্রডশিট জবাব না পাঠানো হলে ধরে নেওয়া হবে যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এ বিষয়ে কোনো বক্তব্য নেই এবং প্রতিবেদনে উত্থাপিত আপত্তিগুলো সঠিক। সেই অনুযায়ী বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
Leave a Reply