মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা না করার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। দিবসটি যথাযথভাবে উদযাপনকে কেন্দ্র করে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আরও নতুন নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধিদপ্তর থেকে ইতোমধ্যে আলোকসজ্জা না করার নির্দেশ প্রদান করা হয়েছে এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি, এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সম্বলিত নতুন চিঠি আগামীকাল মঙ্গলবার জারি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, গত ১৭ মার্চ দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল।
ওই চিঠিতে বলা হয়, ‘গণহত্যা দিবস ২০২৬’ এবং ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে গত ৮ মার্চ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এনে এ বছর এসব দিবস উপলক্ষে আলোকসজ্জা না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রেক্ষিতে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আলোকসজ্জা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply