অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কাঠামো সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তিনটি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতনসংক্রান্ত বিষয়সমূহ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।
নবগঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে। এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), সেগুনবাগিচা, ঢাকার হিসাব মহানিয়ন্ত্রককে।
কমিটির মূল দায়িত্ব হবে সংশ্লিষ্ট তিনটি কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসংক্রান্ত বিষয়গুলো বিশদভাবে পর্যালোচনা করা। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের সম্ভাব্যতা, আর্থিক প্রভাব এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যতা যাচাই করে একটি সমন্বিত সুপারিশমালা তৈরি করা। পরবর্তীতে সেই সুপারিশ সরকারের কাছে দাখিল করা হবে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট খাতে বেতন কাঠামো সংস্কার বা বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply