বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়ে মোট সাতটি সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি কর্মশালায় এসব সুপারিশ উত্থাপন করা হয় এবং ইতোমধ্যে সুপারিশগুলো লিপিবদ্ধ করার কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর তথ্য অনুযায়ী, প্রথম সুপারিশে বলা হয়েছে যে, এনটিআরসিএর বিদ্যমান আইন এবং প্রস্তাবিত সংশোধিত বিধিমালা অনুসারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে কোনো আইনগত বা বিধিগত বাধা নেই। ফলে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগ দেওয়া যেতে পারে।
দ্বিতীয় সুপারিশে উল্লেখ করা হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত)-এর অনুচ্ছেদ ৩(২), ৩(৩) এবং ৪ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় সুপারিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি সংক্রান্ত রেগুলেশন (সংশোধিত) ২০১৯-এর ধারা ৫(গ) সংশোধন করতে হবে।
৪র্থ সুপারিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর অনুচ্ছেদ ৪৭(৭) সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম সুপারিশে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে সম্পাদনে কোনো বাধা নেই। সুতরাং এনটিআরসিএর মাধ্যমেই এসব প্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগ দেওয়া যেতে পারে।
ষষ্ঠ সুপারিশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানসমূহে প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান পদনাম ও নিয়োগযোগ্যতা অপরিবর্তিত রেখে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সপ্তম ও শেষ সুপারিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত বিধিমালার আওতায় নিবন্ধিত প্রার্থীদের শূন্যপদের বিপরীতে সমসংখ্যক পদে পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা প্রয়োজন হবে।
Leave a Reply