দেশের সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানপ্রধানকে কঠোর নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিঘ্ন বা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে তা সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ণ পরিচয়—নাম, পদবি ও কর্মস্থলের তথ্য—তাৎক্ষণিকভাবে আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে অধিদপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মাউশির পক্ষ থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা-২০২৫ যথারীতি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করে একটি অফিস আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেন মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল-অ্যান্ড-কলেজ পর্যায়ের মাধ্যমিক স্তরের সকল প্রতিষ্ঠানে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা-২০২৫ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালিয়ে যেতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষা গ্রহণ যেন কোনো পরিস্থিতিতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
এছাড়া দেশজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনিক ও শিক্ষাগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা চলাকালে কোনো বিঘ্নের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের সুনির্দিষ্ট পরিচয় সংগ্রহ করে আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা’-র মহাপরিচালকের নিকট পাঠাতে হবে। এ সংক্রান্ত কোনো প্রকার গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
Leave a Reply