বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। এ কারণে শিক্ষক–কর্মচারীরা তাদের বেতন আগামী ৬ ডিসেম্বরের পর যেকোনো দিন পেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানগুলো নভেম্বর মাসের এমপিও বিল অনলাইনে সাবমিট করতে পারবে, যা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে জানানো হয়, অধিকাংশ প্রতিষ্ঠান ইতোমধ্যে নভেম্বরের বিল দাখিলের কাজ সম্পন্ন করেছে। ইএমআইএস সেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু বৃহস্পতিবারও বিল সাবমিট করা যাচ্ছে, তাই এই সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানো সম্ভব নয়। তবে আগামী সপ্তাহের শুরুতেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। তিনি আরও জানান, বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও নভেম্বর মাসের বেতন শিক্ষকরা আগামী সপ্তাহেই পাবেন—এমন সম্ভাবনা কম। বরং ৬ ডিসেম্বরের পর যেকোনো দিন বেতন জমা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসেই প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইনে বেতন-ভাতার বিল দাখিল করেন। বিল দাখিলের পর তা যাচাই–বাছাই করে ইএমআইএস সেল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতার অর্থ ব্যাংকে পাঠানো হয় এবং শিক্ষক–কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো এবং সঠিকভাবে প্রদানের জন্য সরকার ইতোমধ্যেই ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন প্রক্রিয়াকরণে আগের তুলনায় স্বচ্ছতা, গতি এবং জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply