নতুন শিক্ষাবর্ষ ২০২৬-কে সামনে রেখে দেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই ছাপার কাজ বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। ইতোমধ্যে বই ছাপার ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ৭ম ও ৮ম শ্রেণির বই ছাপার জন্য এখনও কোনো প্রেসের সঙ্গে চুক্তিই করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর ফলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সারাদেশের ৫৮৫টি বিতরণ কেন্দ্রে বই পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না, যা সরাসরি জানুয়ারি মাসে বই বিতরণের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, বই ছাপার কাজ শুরুই না হওয়ায় জানুয়ারিতে ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। সময়ক্ষেপণ বাড়তে থাকলে বই বিতরণ ফেব্রুয়ারি বা তারও পরে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ের বইয়ের কাজ তুলনামূলকভাবে অনেক এগিয়েছে। মোট ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭ কপি বইয়ের মধ্যে ৫০ শতাংশের বেশি ছাপা শেষ হয়েছে, এবং এ কাজ ৩৫টি প্রেসে একযোগে চলছে। একইভাবে ৯ম শ্রেণির ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি বইয়ের জন্য ৯৭টি প্রেসে ২২১টি লট ইতোমধ্যে ছাপার কাজে প্রবেশ করেছে। তবে ৬ষ্ঠ শ্রেণির ৯৮টি লটের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩০টি লটের কাজ শুরু হয়েছে।
সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে ৭ম ও ৮ম শ্রেণির বই নিয়ে। মাধ্যমিক বিতরণ শাখা জানিয়েছে, এ দুটি শ্রেণির বইয়ের জন্য এখনও প্রেসের সঙ্গে প্রাথমিক চুক্তিও করা হয়নি। যদিও এনসিটিবি জানিয়েছে, খুব দ্রুতই সংশ্লিষ্ট প্রেসগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে এবং তারা কাজ শুরু করবে।
তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট বইয়ের সংখ্যা যথাক্রমে ৪ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯; ৪ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৬৯২; এবং ৪ কোটি ২ লাখ ৩৪ হাজার ৬৯৮ কপি। এত বিপুল সংখ্যার বই ছাপতে প্রস্তুতি ও সময় উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এখনো পূর্ণমাত্রায় শুরু হয়নি।
এনসিটিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রেসের সঙ্গে চুক্তি হওয়ার পর আর্থিক লেনদেন ও প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে ২৮ দিন সময় লাগে। এ সময়সীমা অনুযায়ী নভেম্বর মাসেই পুরো সময় পেরিয়ে যাবে, ফলে ডিসেম্বরের আগে ছাপার কাজ শুরু করা সম্ভব নয়। এ কারণে নতুন শিক্ষাবর্ষের শুরুর মাসে ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সময়মতো বই পৌঁছানোর সম্ভাবনা খুবই কম।
Leave a Reply