বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা বদলির ক্ষেত্রে নির্ধারিত তিনটি এলাকার বাইরে আবেদন করতে পারবেন না। বদলি আবেদন সফটওয়্যারে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নীতিমালার বাইরে কোনো প্রতিষ্ঠানে আবেদন করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে ‘আবেদন যোগ্য নন’ (Not Eligible) বার্তা প্রদর্শিত হবে এবং আবেদন সম্পন্ন করা যাবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, প্রণীত বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকরা কেবল তিনটি নির্ধারিত এলাকার মধ্যে বদলির আবেদন করতে পারবেন। এগুলো হলো—শিক্ষকের নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর বর্তমান কর্মস্থল অবস্থিত জেলা। এই তিনটি এলাকার বাইরে অন্য কোনো জেলা বা প্রতিষ্ঠানে বদলির আবেদন গ্রহণ করবে না সফটওয়্যার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়াকে নীতিমালার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। ফলে কোনো শিক্ষক যদি নির্ধারিত এলাকার বাইরে কোনো প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করার চেষ্টা করেন, তাহলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাকে অযোগ্য হিসেবে শনাক্ত করবে এবং ‘আবেদন যোগ্য নন’ নোটিফিকেশন দেখাবে। এ অবস্থায় তিনি আবেদন জমা দিতে পারবেন না।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির একজন কর্মকর্তা বলেন, ‘বদলি নীতিমালায় যেসব এলাকা নির্ধারণ করা হয়েছে, আবেদন কেবল সেসব এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ শিক্ষকের নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে অন্য কোথাও আবেদন করার সুযোগ নেই। কেউ ইচ্ছা করলেও সফটওয়্যার তাকে সেই সুযোগ দেবে না। আবেদন করতে গেলেই তিনি “আবেদন যোগ্য নন” বার্তা দেখতে পাবেন।’
Leave a Reply